
ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বাংলাদেশবিরোধী কার্যকলাপ ও বক্তব্যের কারণে ক্রিকেটার ও সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হবে—এই বাস্তবতা বিবেচনায় নিয়েই টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এ বিষয়ে উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্যের সঙ্গে তিনি পুরোপুরি একমত। একজন ক্রিকেটার সীমিত সময়ের জন্য খেলতে গেলেও তার নিরাপত্তা যদি নিশ্চিত করা না যায়, তাহলে সেখানে পাঠানো যায় না। শুধু খেলোয়াড় নয়, দলটির সঙ্গে সমর্থকরাও খেলা দেখতে যান, তাদের নিরাপত্তার প্রশ্নও সমান গুরুত্বপূর্ণ। বর্তমান পরিস্থিতিতে ভারতের সংশ্লিষ্ট সংস্থাগুলোর পক্ষে সেই নিরাপত্তা নিশ্চিত করা বাস্তবসম্মত নয় বলেই বাংলাদেশ এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও বলেন, হিন্দুত্ববাদী সংগঠনগুলোর চলমান বাংলাদেশবিরোধী তৎপরতার প্রেক্ষাপটে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ, তবে ভারতের বাইরে। এদিকে, ভারতে না খেললেও দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যেখানে বাংলাদেশের স্বার্থ রয়েছে সেখানে অযথা ক্ষতি করার প্রশ্ন নেই। জনগণের নিরাপত্তাই এখানে প্রধান বিবেচ্য, তাই লোক পাঠানো হবে না। তবে চাল বা তেল আমদানির ক্ষেত্রে যদি বাংলাদেশের স্বার্থ থাকে এবং কম দামে পাওয়া যায়, তাহলে সেখানে কোনো সমস্যা দেখেন না তিনি। ভারতে বাংলাদেশের তিনটি মিশনে ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখার বিষয়ে তিনি জানান, এটি সম্পূর্ণ নিরাপত্তাজনিত সিদ্ধান্ত। পাশাপাশি পাকিস্তান থেকে যুদ্ধবিমান কেনা নিয়ে আলোচনা চলছে বলেও উল্লেখ করেন তিনি। এছাড়া সৌদি আরবে অনুষ্ঠেয় একটি বহুপক্ষীয় ফোরামে যোগ দিতে শুক্রবার ঢাকা ছাড়বেন বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।